বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আবু তালহা (৭) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) উপজেলার লখপুর এলাকায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎমাকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
নিহত আবু তালহা টাউন-নওয়াপাড়া এলাকার সৈকত শেখের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সমস্যার কারণে শিশুটির মা আলাদা হয়ে যাওয়ার পর সে বেশিরভাগ সময় দাদার বাড়িতে থাকত। কয়েকদিন আগে বাবার কাছে বেড়াতে আসে সে।
শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে পানিভর্তি একটি বালতির মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিশুটির পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাদের সন্দেহ, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সৎমা জানিয়েছেন, তিনি বাইরে থেকে ফিরে এসে শিশুটিকে ওই অবস্থায় দেখতে পান।
এ বিষয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, শিশুটির মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 






















