বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১০টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ অফিসের নিচতলার খোলা স্থানে এক আধাবয়সী অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে চিতলমারী থানার সাব-ইন্সপেক্টর সুজয় মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত ব্যক্তির ডান চোখের কোণে একটি ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে তা কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অজ্ঞাত অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, মৃত ব্যক্তির মৃত্যু রাতের প্রথম প্রহরে হয়ে থাকতে পারে। কারণ, উদ্ধারকালে মরদেহের শরীর সম্পূর্ণ শক্ত হয়ে গিয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 






















