বাগেরহাটের চিতলমারীতে গাঁজাসহ আটক হওয়া অয়ন সাহা (১৮) নামের এক তরুণকে মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আবুলের মোড় এলাকায় অভিযান চালিয়ে অয়ন সাহাকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। আটককৃত অয়ন সাহা চিতলমারী বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা পরিচয়দানকারী অনিল কৃষ্ণ সাহা বাদলের ছেলে।
শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে তাকে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত মুচলেকা গ্রহণের মাধ্যমে তাকে মুক্তি দেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে অয়ন সাহাকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, আটক তরুণ অয়ন এ বছর যশোরের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তার শিক্ষাজীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক শর্তে মুচলেকা গ্রহণ করে মুক্তি দেওয়া হয়েছে।
তবে মুচলেকায় অয়নের বয়স ১৭ বছর উল্লেখ করা হলেও জন্ম নিবন্ধন অনুযায়ী তার প্রকৃত বয়স ১৮ বছর ৬ মাস। তার জন্ম তারিখ ২২ নভেম্বর ২০০৭ বলে জানা গেছে।
বাগেরহাট জেলা প্রতিনিধি 






















