প্রকাশিত:
১২:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
26
আব্বাস আরাঘচির সঙ্গে জেনারেল আসিম মুনির। ছবি: সংগৃহীত
পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান সংকট নিরসনে আলোচনা প্রক্রিয়া নিয়ে বিশেষ বার্তা পৌঁছে দিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বৃহস্পতিবার তেহরান সফরে যাচ্ছেন।
ইরানের পার্লামেন্ট মজলিসের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ফিদা হুসেইন মালিকি লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে জানান, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আজ তেহরানে পৌঁছাবেন এবং তিনি ইরানি কর্মকর্তাদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেবেন।
তবে ওই বার্তার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে গত ১৮ মে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফর শেষ করেন। সফরকালে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ইসলামাবাদে ফেরার আগে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন। আল আরাবিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, সফরের আলোচনার ফলাফল তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করেছেন।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তান এখন সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছে এবং আঞ্চলিক সংঘাত এড়াতে ইসলামাবাদ মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে।
kalprakash.com/SS
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
বিশেষ বার্তা নিয়ে তেহরানে যাচ্ছেন পাক সেনাপ্রধান আসিম মুনির