খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা ও সেবায় অনিয়ম এবং অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় জলাতঙ্কের টিকা রোগীদের বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগ শুনে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে তিরস্কার করেন।
পরে মন্ত্রী সরাসরি হাসপাতালের রান্নাঘরে যান এবং রোগীদের জন্য তৈরি খাবারের মান যাচাই করেন। এ সময় খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে কড়া নির্দেশ দেন যেন রোগীদের জন্য উন্নত মানের খাবার সরবরাহ নিশ্চিত করা হয়।
মন্ত্রী বলেন, এমন খাবার যদি আপনাদের বাসায় রান্না হতো, তাহলে কি খেতেন? — এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পরিদর্শনের সময় রোগীরা মন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে। বিষয়টি শুনে তিনি সরবরাহ ব্যবস্থার ঘাটতি নিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেন।
এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টিকা সরবরাহ নিয়ে কেন্দ্রীয় যোগাযোগের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন মন্ত্রী। ওই ঘটনায় আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়িতে কয়েকজন আহত হন। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলোর অনিয়ম, অব্যবস্থাপনা এবং রোগীসেবার ঘাটতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























