প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন। তার এ সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রশাসনিক ও দলীয়ভাবে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সফরের প্রধান আয়োজন হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। বুধবার সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাছা এলাকায় ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠান দেশে এই প্রথম গড়ে উঠছে। এটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, গাজীপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্মৃতি ও আবেগও জড়িয়ে আছে। ফলে এই সফর উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশেষ তাৎপর্য বহন করছে।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























