নওগাঁর মহাদেবপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান আলোচক কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ারপয়েন্টের সাহায্যে সচেতনতা বিষয়গুলো তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং সমাজে অপরাধ প্রবণতা রোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনি পরিণতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায়ও তুলে ধরা হয়।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করে, যা তাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা তৈরি করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদেরও সচেতন করা অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ শুধু একটি সামাজিক অপরাধই নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ; এর ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, সাইবার ক্রাইম বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. সেলিনা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
নওগাঁ প্রতিনিধি 















