ঠাকুরগাঁওয়ে জাল দলিল, খতিয়ান ও খারিজ বানিয়ে জমির মালিকানা দাবি করার অভিযোগে বদিউল আলম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বদিউল আলম সদর উপজেলার সালন্দর মাদ্রাসাপাড়া এলাকার মৃত সমিজ উদ্দীনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সালন্দর মাদ্রাসাপাড়া এলাকার মতিউর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। মামলার বিবাদীরা হলেন চিহ্নিত জাল দলিল চক্রের হোতা বদিউল আলম (৬০), তার ভাই শহিদুল আলম (৫৪) এবং দুই বোন শরিফা (৪৭) ও জরিফা (৪৫)। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই ঠাকুরগাঁওকে নির্দেশ প্রদান করেন।
পিবিআই তদন্ত শেষে দণ্ডবিধি ১৮৬০ এর ৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ ধারায় চারজন আসামির বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিরা একে অপরের যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে অন্যের জমি দখলকারী একটি সক্রিয় চক্রের সদস্য। তদন্তে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে জালিয়াতি চক্রের মূল হোতা বদিউল আলম আটক হওয়ার খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, বদিউল ও তার ভাই শহিদুল এলাকায় চিহ্নিত ভূমিদস্যু হিসেবে পরিচিত। পুলিশ শুক্রবার বদিউলকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি 











